কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংসদকে জানান।

সংসদে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তাঁর কাছে পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। যাচাইয়ে তা বিধিসম্মত হওয়ায় পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

স্পিকার আরও জানান, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুসারেও বিষয়টি সংসদকে অবহিত করা হয়।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই সময় বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্ম নেওয়া ওসমান ফারুক সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তী সময়ে ১৯৬৩ সালে মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts