বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এসব ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন। গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিতভাবে তদন্ত করা উচিত।

ফারহান হক আরও বলেন, বিক্ষোভকারীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

এদিকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ব্যাংকটির এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২০টি শাখায় অগ্নিসংযোগ কিংবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনার স্থান হিসেবে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরের কথা উল্লেখ করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করবে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবে। একই সঙ্গে দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts