নিউজ প্রবাসী ডেস্ক :

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে ওয়েবসাইটের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সাইবার হামলা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর পাশাপাশি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পুনরায় চালু করতে সংস্থাটির তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছে।

বিশ্বের বিভিন্ন দেশে ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরিতে পিএইচপি বহুল ব্যবহৃত। সম্প্রতি এ প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর ত্রুটি শনাক্ত হওয়ার পর সেগুলো কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব দুর্বলতার সুযোগ নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনের নিয়ন্ত্রণ নেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সফটওয়্যার প্রকৌশলী সুমিত সাহা বলেন, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। কোনো অ্যাপ্লিকেশনের মেমোরির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে সেখান থেকে ডেটাবেজে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। আর ডেটাবেজের তথ্যের নিয়ন্ত্রণ পাওয়া গেলে পুরো অ্যাপ্লিকেশনই ঝুঁকির মুখে পড়তে পারে।

তিনি আরও জানান, পিএইচপির ত্রুটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা প্যাচ বা সুরক্ষামূলক হালনাগাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সফটওয়্যার ও প্রোগ্রামিং প্রযুক্তির হালনাগাদ সংস্করণ ব্যবহার করা জরুরি।

এদিকে, বাংলাদেশে প্রায় ৩৬ হাজার সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা তদারকির দায়িত্বে রয়েছে বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সি। সংস্থাটির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানের ভাষ্য, এসব সরকারি ওয়েবসাইট পিএইচপিভিত্তিক নয়। তাই পিএইচপির বর্তমান দুর্বলতার কারণে সেগুলো সরাসরি ঝুঁকিতে রয়েছে বলে তিনি মনে করছেন না।

তবে যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট পিএইচপি প্রযুক্তিতে তৈরি, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা ত্রুটি মোকাবিলায় প্রকাশিত প্যাচ সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে।

সরকারি যেসব ডিজিটাল ব্যবস্থায় পিএইচপি ব্যবহার করা হয়েছে, সেগুলোর নিরাপত্তা জোরদারেও কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts