নিউজ প্রবাসী ডেস্ক :

দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বাড়ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হবে।

নতুন কাঠামোয় চতুর্থ গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে এ স্তরের শ্রমিকদের বেতন বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা।

সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের। তাঁদের মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে বেতন বাড়ছে ৬ হাজার ৪৬৫ টাকা।

দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে তাঁদের বেতন বাড়ছে ৫ হাজার ৭২৭ টাকা। অন্যদিকে তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। এই গ্রেডে মজুরি বাড়ছে ৫ হাজার ৬৫০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় ১০ ঘণ্টা। দিবাগত রাত দেড়টার দিকে সভা শেষ হয়।

বৈঠকে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মালিকপক্ষ প্রথমে ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অপর চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দেন। ফলে চতুর্থ গ্রেডের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। অন্য তিনটি গ্রেডের মজুরি বোর্ড সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক শেষে বুধবার ভোররাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়ার পরিমাণসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। দীর্ঘ আলোচনার পর সেই বোর্ডের সিদ্ধান্তেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts