নিউজ প্রবাসী ডেক্স :
অব্যাহতির আবেদন খারিজ, আগামী বছরের ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ
গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।
বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগ গঠনের শুনানিতে আশফাকুল হক ও তানিয়া খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য দেয়।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিদের কাছে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চান। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। পরে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন প্রীতি উরাং। ঘটনার আগে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল সে।
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার বসার ঘালের জানালা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় প্রীতি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকার বিষয়টি মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে প্রীতির বাবা লোকেশ উরাং বাদী হয়ে মামলা করেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে আসামি করা হয় এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ডিবির তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা ২০২৪ সালের ৩১ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলাটি বিচারের উপযোগী হওয়ায় চলতি বছরের ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
মামলায় গ্রেপ্তারের পর প্রায় চার মাস কারাগারে ছিলেন আশফাকুল হক ও তার স্ত্রী। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ২০২৪ সালের জুনে তারা কারাগার থেকে মুক্ত হন।
এদিকে প্রীতির মৃত্যুর মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০২৪ সালের ২ এপ্রিল আশফাকুল হককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ডেইলি স্টার কর্তৃপক্ষ।