নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য মাদ্রাসাটিতে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন ওই শিক্ষক।
সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে নির্যাতনের পর শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষককে ঘিরে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয়দের একাংশ তাকে মারধর করে আটকে রেখেছিল বলে ৯৯৯-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
পুলিশের ভাষ্য, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে।