নিউজ প্রবাসী ডেক্স ;
ট্রাফিক আইন ভেঙে উল্টোপথে মন্ত্রীর গাড়ি, জরিমানা ৬ হাজার টাকা
ঢাকার সার্কিট হাউজ সড়কে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এ সময় পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ নম্বরের রেঞ্জ রোভার গাড়িটি চালাচ্ছিলেন আরিফ হোসেন। উল্টোপথে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয় এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সময় গাড়িটিতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, দেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম। অতীতে বিভিন্ন সময়ে মন্ত্রীদের গাড়ি যানজট এড়াতে উল্টোপথে চলার অভিযোগ উঠলেও মামলা হওয়ার নজির নেই বলে তিনি দাবি করেন।
ঘটনার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, যেখানে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলেছে, সেখানে কোনো মন্ত্রী বা শীর্ষ কর্মকর্তার গাড়ির উল্টোপথে চলার সুযোগ নেই।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এই ব্যবস্থা সচিবালয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।