নিউজ প্রবাসী ডেক্স :
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
মৃত নারীর নাম নুরুন নাহার বেগম। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি সময়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মারা গেছেন দুজন।
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। দিনে মশারি ব্যবহার ও মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জ্বরের সময় পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম জোরদার করা হয়েছে।