নিউজ প্রবাসী ডেক্স :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার দেওয়া এক পোস্টে তিনি তার আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে যেকোনো ধরনের যাচাই-বাছাইকে স্বাগত জানান।
পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি প্রথমবারের মতো নিজের সম্পদ ও সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ জনসমক্ষে তুলে ধরেন। সে সময় তার মালিকানায় ঢাকার শাহীনবাগে একটি ফ্ল্যাট এবং দনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া আরেকটি ফ্ল্যাট ছিল। পাশাপাশি তিনি ও তার স্ত্রী ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক।
ব্যাংক হিসাব প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে তার একটিমাত্র হিসাব রয়েছে। সেখানে বর্তমানে জমা আছে ১ কোটি ২৩ লাখ টাকা। এর আগে ওই হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা, অর্থাৎ জমা অর্থে ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
এই অর্থ বৃদ্ধির ব্যাখ্যায় তিনি লেখেন, তার শ্যালক পূর্বে নেওয়া সাড়ে ৭ লাখ টাকা ফেরত দিয়েছেন। এছাড়া তার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য আড়াই হাজার ডলার পাঠিয়েছেন, যা ব্যাংক হিসাবে যুক্ত হয়েছে।
পোস্টে আরও জানানো হয়, শফিকুল আলমের নিজ গ্রাম মাগুরায় ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে, যার মালিকানায় কোনো পরিবর্তন হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি দায়িত্ব পালনকালে তার ও তার পরিবারের সম্পত্তিতে নতুন করে কোনো সংযোজন হয়নি।
নির্বাচনের দুই দিন আগে দেওয়া ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ হয়তো আমার শেষ কর্মদিবস। দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময় আমি নিশ্চিত করতে চাই—আমাদের সম্পদের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে।”
রসিকতার সুরে তিনি আরও উল্লেখ করেন, তার বহুল আলোচিত “নকল বারবেরি মাফলারটি” এখনও তার কাছেই আছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শফিকুল আলম। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts