নিউজ প্রবাসী ডেক্স:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তের ফেসবুকে দেওয়া দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পোস্ট দুটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের নাম উল্লেখ এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের কথা বলা হয়। পরে পোস্ট দুটি মুছে ফেলা হয়।

ইউএনও শিল্পী রাণী মোদক জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে আরিফুর রহমান শান্তকে পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএনওর ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে তাঁর বাসায় মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যান এসিল্যান্ড ও তাঁর স্ত্রী। একপর্যায়ে স্ত্রীকে সেখানে রেখে তিনি বাসায় ফিরে যান। এর প্রায় ১০ মিনিট পর উপজেলা এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে নিজের মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করার কথা লেখা হয়। দ্বিতীয় পোস্টে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পরে তাঁর স্ত্রী পোস্ট দুটি সরিয়ে দেন।

এদিকে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, বাসায় ফেরার পথে এবং পরে নিজের বাসায় এসিল্যান্ডের আচরণ নিয়ে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, তিনি এক আনসার সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে তাঁর মুঠোফোন ভেঙে ফেলেন। খবর পেয়ে ইউএনও, পুলিশ ও আনসার সদস্যরা সেখানে যান। এ সময় এসিল্যান্ড অসংলগ্ন কথাবার্তা বলেন এবং ইউএনওর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে এসিল্যান্ডকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ জামালগঞ্জে পাওয়া না যাওয়ায় তাঁকে সিলেটে নেওয়া হয়। পরে শনিবার ঢাকায় স্থানান্তর করা হয়।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে এসিল্যান্ডের স্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পরিবারের পক্ষ থেকেও তাঁর শারীরিক বা মানসিক অসুস্থতার কথা জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইউএনও জানান, এসিল্যান্ডের বাবা ও ভাই তাঁকে জানিয়েছেন, আরিফুর রহমান শান্ত মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনে অস্বস্তি তৈরি হলেও এসিল্যান্ডের চিকিৎসা ও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts