নিউজ প্রবাসী ডেক্স:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টার ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় আটক এক যুবকের জবানবন্দিতে ওই নিরাপত্তাকর্মীর নাম উঠে আসে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২)। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহাগী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা হয়। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়।
একপর্যায়ে নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা ঘটনাস্থল থেকে কাউসার আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কাউসার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পরদিন ব্যাংক কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসারকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, কাউসারকে আটকের সময় তাঁর কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়।
ওসি সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার কাউসারের দেওয়া জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে লুটের চেষ্টায় জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।