নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। বর্তমানে সাত জেলার ৪ হাজার ৭৯টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে পৌঁছেছে।
মৌসুমি বায়ু ও নিম্নচাপজনিত অতিভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব জেলার ৫৭টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে সাত জেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হয়েছে ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল। সরকার বন্যাকবলিত এলাকায় উদ্ধার, আশ্রয় ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।