নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার জন্য একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফরেইন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর ৬২তম পর্ষদ সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি তুলে ধরা হয়।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। এজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার লক্ষ্যে বিএফটিআই’র অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে।
তিনি বলেন, এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএফটিআইকে একটি আধুনিক, কার্যকর ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে, যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, চুক্তির অধিকাংশ শর্ত বাংলাদেশকে মানতে হলেও যুক্তরাষ্ট্রের জন্য শর্ত তুলনামূলক কম রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যৎ আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আরও সুসংগঠিত প্রস্তুতির অংশ হিসেবেই বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts