নিউজ প্রবাসী ডেক্স :
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় পালকি পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই বাসের আরও অন্তত ১০ যাত্রী। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।