নিউজ প্রবাসী ডেস্ক:
বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের বিবেক, নৈতিক দৃঢ়তা ও সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারিক দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের কাছে নতি স্বীকার করা যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা থাকা প্রয়োজন। প্রচলিত আইন, বিচারিক নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি প্রতিটি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, বিচারিক আদালতের রায় ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। তাই বিচারকদের সিদ্ধান্ত গ্রহণে প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সমাজের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের প্রয়োগ নিশ্চিত করাও তাদের দায়িত্ব।
আইনমন্ত্রী বিচারকদের পেশাগত মর্যাদার বিষয়টি তুলে ধরে বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। ফলে অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থান তুলনা না করে বিচারিক দায়িত্বের গুরুত্ব ও স্বাতন্ত্র্য উপলব্ধি করা প্রয়োজন।
বিচারকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের শৃঙ্খলা ও বিচারকদের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
নতুন প্রজন্মের বিচারকদের ওপর আস্থা প্রকাশ করে মো. আসাদুজ্জামান বলেন, আগামী দুই দশকে তাঁদের হাত ধরেই দেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগকে সতর্ক প্রহরীর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।