নিউজ প্রবাসী ডেস্ক
বাংলাদেশ পুলিশের জনবল বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদিত পদের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সম্মতির পর গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার আদেশ অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে। নতুন পদগুলোর বেতন-ভাতা পুলিশের বাজেটের নির্ধারিত খাত থেকে দেওয়া হবে। নিয়োগের পরবর্তী কার্যক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের শর্তসহ প্রচলিত বিধিবিধান অনুসরণের নির্দেশনাও রয়েছে।
অনুমোদিত চার হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের। এ পদের বেতন ৩২ হাজার ৫০০ থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুসারে এসব পদে নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ রাখা হয়েছে ১৭তম গ্রেডে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ প্রবিধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করা হবে।
মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, চার হাজার এসআই পদ সৃষ্টির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। এরপর ৫ ও ৮ অক্টোবর অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা এবং ৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা অনুমোদন দেয়। কনস্টেবল পদ সৃষ্টির ক্ষেত্রেও প্রয়োজনীয় দাপ্তরিক সম্মতি নেওয়া হয়েছে।
এদিকে কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া আগে থেকেই চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়, যার সময়সীমা শেষ হয় ৩০ অক্টোবর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ২ হাজার ৬৯৪ জন।
চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা দুই হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার যুক্ত করে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া নতুন অনুমোদিত চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তায় কাজ করেন। আর এসআইদের দায়িত্বের মধ্যে রয়েছে অপরাধ তদন্ত, মামলা পরিচালনাসংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ।
সংশ্লিষ্টদের মতে, নতুন পদগুলোতে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল ঘাটতি কমানোর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিকদের পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়তে পারে।