নিউজ প্রবাসী ডেক্স :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক দাদি, তার নাতনি ও এক স্বজন। একজনকে উদ্ধার করতে গিয়ে একে একে তিনজনই বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারান।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের ১২ বছর বয়সী নাতনি শাহরিয়ার মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম ছাগলের জন্য গাছের পাতা কাটতে লোহার মই ব্যবহার করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে থাকা মইয়ে হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে ছুটে আসেন আশা খাতুন ও শিশু মিম। কিন্তু তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।