নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান।
পুলিশ জানায়, নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে যাত্রীরা কক্সবাজারের ঈদগাঁও এলাকায় ফিরছিলেন। পথে কলেজ বাজার এলাকায় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, সংঘর্ষে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।
পুলিশ দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।