নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবকের পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রানা পেশায় গাড়িচালক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে যান।
রানা জানান, উত্তর বাড্ডায় এক স্বজনের বাসায় দাওয়াত খেয়ে রাতে নিজের বাসায় ফিরে ঘুমিয়ে ছিলেন। এ সময় জয় নামে এক পরিচিত ব্যক্তিও সেখানে ছিলেন।
রানার ভাষ্য, রাত ১০টার দিকে বাসার দরজায় নক করা হয়। বাইরে থেকে কোনো সাড়া না পেয়ে জয় দরজা খুলতে গেলে কয়েকজন ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে তামিম নামে একজন তাকে গালিগালাজ করে ডান পায়ে গুলি করেন বলে অভিযোগ রানার।
গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।
আহত যুবকের স্বজনদের অভিযোগ, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানে তামিম নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকেও নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ।
তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।