নিউজ প্রবাসী ডেক্স ::
:টানা বৃষ্টি ও বন্যার কারণে ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হওয়ার সময় একই সঙ্গে সারাদেশের ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদেরও পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, টানা বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত তিন বিষয়ের পরীক্ষায় অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি বা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি। এ বিষয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করেই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময় নতুন প্রশ্নপত্রে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সঙ্গেই ক্ষতিগ্রস্ত অন্যান্য পরীক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের নিয়ে নিজের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্যে ওই মন্তব্য করা হয়নি। তারপরও কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।