নিউজ প্রবাসী ডেক্স :
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
সোমবার রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম ছুড়ে মেরেছে বলে অভিযোগ করেন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান তিনি।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার অবস্থানের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় দেওয়া কয়েকজন এই ঘটনা ঘটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কিছু ব্যক্তিকে বাঁধনের দিকে এগিয়ে যেতে এবং তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts