নিউজ প্রবাসী ডেক্স:
রাশিয়ার উত্তর ককেশাসের কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে তুষারধসে একটি পর্বতারোহী দলের ১১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ছয় পর্বতারোহীর এখনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেজেঙ্গি গিরিখাতের মিজিরগি পর্বতের ঢালে এ তুষারধসের ঘটনা ঘটে। তুষারের নিচে পড়ে যায় ৩৩ সদস্যের একটি পর্বতারোহী দল।
স্থানীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ১০ জন পর্বতারোহী নিজেরাই নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। অভিযানে অর্ধশতাধিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
এ ঘটনায় রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ অবহেলার অভিযোগে একটি ফৌজদারি তদন্তও শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।