নিউজ প্রবাসী ডেক্স :
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখালে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিতে যোগদানের সম্ভাব্য সুবিধা-অসুবিধা নিয়ে এখনই আলোচনা করার সময় আসেনি। আগে সদস্য দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব আসতে হবে।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় কোনো একটি সদস্য দেশ সশস্ত্র হামলার শিকার হলে তা সম্মিলিতভাবে প্রতিরোধের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
চুক্তিটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কার্যকর ব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।