আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে নিজেদের অভিযোগ ও উদ্বেগ জানাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এরই মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ তুলে ধরেছে। এবার বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠানের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে চায় জোটটি। সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

কংগ্রেস সভাপতি খাড়গে জানিয়েছেন, নির্বাচন নিয়ে কথিত ‘ভোট চুরি’ এবং দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বিরাজ করার বিষয়ে তাঁদের উদ্বেগ প্রধান বিচারপতির কাছে তুলে ধরা হবে। তাঁর ভাষ্য, প্রধান বিচারপতির কাছে কোনো দাবি জানানো নয়, বরং বিনীতভাবে নিজেদের বক্তব্য ও উদ্বেগ প্রকাশ করাই তাঁদের উদ্দেশ্য।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে খাড়গে জানিয়েছেন।

বিরোধী জোটের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এতে কারা কারা প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধিদলের সদস্যদের এবারও অংশ নেওয়ার কথা রয়েছে। ওই দলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বামপন্থি নেতাদের থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে গত মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা। বিরোধী সাংসদদের নির্বাচন সদন অভিমুখে যাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, সোমবার দিল্লিতে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। তবে কর্মসূচির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

নির্বাচন নিয়ে অভিযোগের বিষয়ে একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়াকে বিরোধীদের রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানোর পর এবার প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছে ‘ইন্ডিয়া’ জোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts