নিউজ প্রবাসী ডেক্স :
মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এ রায় দেয়।
এর আগে ২০২৫ সালের ১৭ মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হিটু শেখ হাই কোর্টে আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। শুনানি শেষে হাই কোর্ট নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। ঘটনার দুই মাস ১১ দিনের মাথায় নিম্ন আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়। এবার হাই কোর্টও সেই সাজা বহাল রাখায় মামলাটির বিচারিক প্রক্রিয়ায় নতুন মোড় এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts