নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
রোববার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহিদকে লক্ষ্য করে হামলা চালায়। তারা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত জাহিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ অন্তত ছয়টি মামলার তথ্য পেয়েছে। স্থানীয়দের দাবি, চলতি বছরের শুরুতে গ্রেপ্তারের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।