প্রতিনিধি , যশোর
‘চলো চলো মাঠে চলো, মাদকমুক্ত বাংলাদেশ গড়ো’—এই প্রত্যয়কে সামনে রেখে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা জগমোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া এ আয়োজন সন্ধ্যার পর আলোর ঝলকানিতে পরিণত হয় উৎসবের মাঠে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস। রাতের আলোকসজ্জায় জমে ওঠে একের পর এক খেলা। ফুটবলের লড়াইকে ঘিরে পুরো হুদা জগমোহনপুর এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিজাউল ইসলাম, ৩নং ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরামুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ আলী, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আকরাম হোসেন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুন অর রশিদ এবং ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেসমিন নাহার বর্ষা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার হাসান ইমাম ও মাস্টার মোস্তাক হাসান।
মাঠের লড়াইয়েও ছিল টানটান উত্তেজনা। প্রথম খেলায় সাইফুলের দল ও আব্দুর রাজ্জাকের দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় সাইফুলের দল।
দ্বিতীয় খেলায় মো. ফারুক হোসেনের দল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
আয়োজকদের ভাষ্য, শুধু বিনোদন নয়—যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তরুণদের মাঠমুখী করে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় থেকেই এ আয়োজন।
রিপোর্ট লেখা পর্যন্ত রাতের আলোকিত মাঠে টুর্নামেন্টের খেলা চলছিল এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল হুদা জগমোহনপুর স্কুল মাঠ।