নিউজ প্রবাসী ডেক্স
অভিনেত্রী তানজিন তিশা এবার নারী উদ্যোক্তা সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরী ও ফ্যাশন ডিজাইনার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন। দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের মধ্যে নতুন এই আইনি পদক্ষেপে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা। বর্তমানে অভিযোগটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার বিষয়ে বিস্তারিত বক্তব্য তাঁর আইনজীবী দেবেন।
সানায়্যা আনাম ওয়াফিকাহ চৌধুরীর সঙ্গে তানজিন তিশার বিরোধ বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। এর আগে প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়্যা। পাশাপাশি হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও তিনি আদালতের দ্বারস্থ হন।
ওই মামলায় আদালতে হাজির না হওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ। তবে এ আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
দুই পক্ষের ধারাবাহিক পাল্টাপাল্টি আইনি পদক্ষেপে অভিনেত্রী তানজিন তিশা ও সানায়্যা আনামকে ঘিরে বিরোধ নতুন মাত্রা পেয়েছে।