বিনোদন ডেস্ক
দীর্ঘদিন যমজ দুই সন্তানকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সন্তানদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এবার আবার নিয়মিত অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শিমু। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার এই মুহূর্তকে তিনি যেমন আনন্দের বলে মনে করছেন, তেমনি এটিকে দায়িত্বও মনে করছেন।
এর আগে ‘এফএনএফ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ললিতা’ ও ‘স্বপ্নচূড়া’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সুমাইয়া শিমু। তাঁর ভাষ্য, দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকেই নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।
মাতৃত্বের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও অভিনয়ের প্রতি ভালোবাসা কখনও কমেনি বলে জানান শিমু। তিনি বলেন, শুধু টেলিভিশন নাটক নয়, উপযুক্ত সময় ও গল্প পেলে বড় পর্দাতেও কাজ করার পরিকল্পনা রয়েছে।
অভিনেত্রীর মতে, শুরুতে সন্তানদের রেখে শুটিংয়ে অংশ নেওয়া কঠিন ছিল। তবে এখন সন্তানরা অনেকটাই মানিয়ে নিয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতায় তিনি অভিনয় ও মাতৃত্ব—দুই দায়িত্বই সমানভাবে উপভোগ করছেন।
মাতৃত্বের আনন্দ এবং অভিনয়ে ফেরার উচ্ছ্বাস—দুটিকে নিয়েই নতুন পথচলা শুরু করেছেন সুমাইয়া শিমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts