নিউজ প্রবাসী ডেক্স :
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার থেকে চালু হওয়া এই সেবার মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা এবং কর পরিশোধ করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরের পর এই সুবিধা আর থাকবে না। ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করও গুনতে হতে পারে।
এবারও সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধ করা যাবে। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করতে পারবেন।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার ও অনলাইন মাধ্যমে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।