নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই ব্যবসায়ী। শুক্রবার রাত ১১টার দিকে ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মৃত শাহজাহানের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার কাফরুল এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইউসুফ আলী কয়েকজনের সঙ্গে চায়ের আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪-৫ জন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তদের একজন আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ইউসুফ আলীর বুকে গুলি লাগে। ঘটনাস্থলে থাকা আরও দুই ব্যক্তি—কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫) ও ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২)—গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় জনতা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।