
নিউজ প্রবাসী ডেক্স :
দারউইন মুনিয়সের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার ‘কে’ গ্রুপের ম্যাচে গুয়াদালাহারায় অনুষ্ঠিত এ লড়াইয়ে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি দুর্দান্ত নৈপুণ্য দেখালেও শেষ পর্যন্ত দলকে হার এড়াতে পারেননি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। হামেস রদ্রিগেস, জন আরিয়াস, লুইস দিয়াস ও মুনিয়স একের পর এক আক্রমণ চালালেও এমপাসির অসাধারণ সেভে গোলের দেখা পাচ্ছিল না দলটি।
প্রথমার্ধে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে কলম্বিয়া। অন্যদিকে কঙ্গোও মাঝে মধ্যে পাল্টা আক্রমণে ভয় ধরালেও গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে কলম্বিয়া। অবশেষে ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় হুয়ান কিনতেরোর পাস থেকে দারউইন মুনিয়স জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
গোলের পর আরও দুটি সুযোগ তৈরি করলেও অফসাইড ও ফাউলের কারণে গোল পায়নি কলম্বিয়া। শেষ দিকে কঙ্গো সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও দৃঢ় রক্ষণ ও গোলরক্ষক কামিলো ভার্গাসের দৃঢ়তায় জয় ধরে রাখে দক্ষিণ আমেরিকার দলটি।
এই জয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল কলম্বিয়া। আর লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো ডিআর কঙ্গোকে।