
নিউজ প্রবাসী ডেক্স :
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ডসহ অধিকাংশ দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি উঠেছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে ফ্রান্সে। দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক মানুষ নদী, খাল ও অনিরাপদ জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান।
সরকারি সূত্রে জানা গেছে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে দেশজুড়ে শত শত স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হয়েছে। কিছু এলাকায় শুধুমাত্র সকালে ক্লাস চালানো হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য ফ্রান্সের কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ইউরোপের অন্যান্য দেশেও একই পরিস্থিতি বিরাজ করছে। ইতালিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, স্পেনে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। জার্মানি ও যুক্তরাজ্যেও পরিবহন ব্যবস্থা ও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
তীব্র গরমে রেল চলাচল ধীর করে দেওয়া হয়েছে, অনেক ট্রেন বাতিল হয়েছে এবং বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর চাপ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিশেষ আবহাওয়াগত অবস্থার কারণে এই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ তৈরি হয়েছে, যা ইউরোপের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।