নিউজ প্রবাসী ডেক্স:
বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকা এবং মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা কমে আসায় মূল্যবান এই ধাতুর বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদসংক্রান্ত সিদ্ধান্তের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১২৯ দশমিক ৬৯ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৩৯ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি মার্কিন ডলারের অবস্থানও কিছুটা দুর্বল হয়েছে। এসব কারণে স্বর্ণের মতো মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনামূলক সমঝোতামূলক অবস্থানের কারণে তেলের বাজার স্থিতিশীল রয়েছে। এতে মূল্যবান ধাতুর বাজারে মূল্যস্ফীতিজনিত চাপ কিছুটা প্রশমিত হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, মূল্যস্ফীতি আবার বাড়লে মার্কিন ডলার শক্তিশালী হতে পারে। এতে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে, যা স্বর্ণের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫৫৬ দশমিক ১৪ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ দশমিক ২৮ ডলারে।
দেশের বাজারে স্বর্ণের দাম
দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারিত রয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।