
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ প্রযুক্তি চালুর পর সিগন্যাল অমান্য, লেইন ভঙ্গ ও উল্টো পথে চলার মতো আইন লঙ্ঘনের প্রবণতা কমতে শুরু করেছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এআই প্রযুক্তির পিটিজেড ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে আইনভঙ্গের তথ্য সংগ্রহ করছে। এরপর যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালকের বিরুদ্ধে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।
রাজধানীর কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেল মোড়সহ বিভিন্ন ব্যস্ত সিগন্যালে দেখা গেছে, আগে যেখানে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা প্রয়োজন হতো, এখন সেখানে চালকরাই সিগন্যাল মেনে চলছেন। ট্রাফিক সদস্যরা বলছেন, ক্যামেরার নজরদারি শুরু হওয়ার পর থেকেই চালকদের মধ্যে সতর্কতা বেড়েছে।
ডিএমপি জানিয়েছে, বর্তমানে ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এআই প্রযুক্তির ক্যামেরা বসানোর কাজ চলছে। এসব ক্যামেরা বাম লেইন দখল, স্টপ লাইন অমান্য, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার মতো অপরাধ শনাক্ত করছে।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে হাজার হাজার ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে এবং শতাধিক মামলা প্রস্তুত করা হয়েছে। মামলার নোটিস ডাকযোগে পাঠানো হচ্ছে, ভবিষ্যতে মোবাইল অ্যাপ ও এসএমএসের মাধ্যমেও তথ্য জানানো হবে।
তবে নতুন এই ব্যবস্থায় কিছু জটিলতাও সামনে এসেছে। অনেক যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট বা নির্ধারিত মান অনুযায়ী না হওয়ায় সেগুলো শনাক্তে সমস্যা হচ্ছে। এ কারণে নির্ধারিত নম্বর প্লেট ব্যবহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
ডিএমপি মনে করছে, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং সড়কে আইন মানার প্রবণতা আরও বাড়বে।