নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর মিরপুরে শাহ আলী বোগদাদীর মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় শাহআলী থানায় মাজারের ভক্ত রেশমি বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নয়জনের নাম উল্লেখের পাশাপাশি জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে আরমান, রাসেল ও আজম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে শাহ আলী মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর হামলা চালায়। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা মাজারে থাকা বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং জিয়ারতকারীদের মারধর করে। বাদী রেশমি বেগম অভিযোগ করেন, তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয়েছে। এছাড়া নগদ টাকা ও মানতের অর্থ লুটের অভিযোগও আনা হয়েছে।
হামলার ঘটনায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও দলটি তা অস্বীকার করেছে।
এদিকে ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
পুলিশ বলছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts