নিউজ প্রবাসী ডেক্স :
রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, ট্রেনটির একটি বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যাওয়ায় দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মূল লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে কর্মকর্তার আশা, উদ্ধারকাজ শেষ করে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।