নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি সভাপতি অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবেই জোটের পক্ষ থেকে সর্বসম্মতভাবে অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের বিবেচনায় তিনিই এ পদের জন্য সর্বোত্তম ব্যক্তি।
এর আগে সকালে অনুষ্ঠিত জোটের বৈঠক থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে অলি আহমদের নাম ঘোষণা করেন।
অলি আহমদ বলেন, ১১ দলের নেতারা তাকে একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিবেচনা করে প্রার্থী করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; জনগণের স্বার্থ রক্ষার জন্যই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতির সঙ্গে কখনো বেঈমানি করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অলি আহমদকে একজন মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts