নিউজ প্রবাসী ডেক্স :
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সহজ জয়ের পথে থাকলেও শেষ ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে শেখ মেহেদি হাসানের বাউন্ডারিতে দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত হয়।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন তানজিদ হাসান। ৫৮ বলে খেলা তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৫ এবং অধিনায়ক তাওহিদ হৃদয় ২৪ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে ডিওন মায়ার্স ৭৩ ও ব্রায়ান বেনেট ৪৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফ উদ্দিন ২টি এবং শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু পরপর মোসাদ্দেক হোসেন ও সাইফ উদ্দিন আউট হলে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ডেড বলের সিদ্ধান্তে বাংলাদেশ স্বস্তি পায়। পরের বলেই শেখ মেহেদি হাসান বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হন ওপেনার তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের পর ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।