নিউজ প্রবাসী ডেক্স :
র‌্যাবকে বিলুপ্ত না করে নতুন কাঠামোয় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পুলিশের বিশেষায়িত ইউনিটে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া।
খসড়া আইনটি গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের মতামত চাওয়া হলেও ১০ দিনে মাত্র তিনজন মতামত দিয়েছেন। মন্ত্রণালয় বলছে, পাওয়া মতামতগুলো পর্যালোচনা করে পরবর্তী ধাপে খসড়াটি চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত আইনে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের কথা বলা হয়েছে। এর নেতৃত্বে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক থাকার প্রস্তাব রয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনী থেকে সদস্য প্রেষণে এনে ইউনিটটি গঠন করা যাবে।
মাদক, অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাস, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ ও রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধের ঘটনায় অভিযান, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্তে একটি ‘প্রতিকার কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যকে নিজ বাহিনীতে ফেরত পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে।
২০০৪ সালে গঠিত র‌্যাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব বিতর্কের মধ্যেই বাহিনীটির কাঠামো ও কর্মপরিধি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts