নিউজ প্রবাসী ডেক্স :
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। তাদের ভাষ্য, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
হুতিদের এ দাবির পর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকার সম্ভাব্য হামলা এড়াতে নির্ধারিত পথ পরিবর্তন করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের জিযান বন্দরের কাছে একটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার সংকেত পাঠায়। হুতিরা ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামে দুটি ট্যাংকারে হামলার দাবি করলেও দ্বিতীয়টির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেবেও নিরাপত্তা সংকট তৈরি হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা ইরানে টানা দ্বাদশ রাতের মতো নতুন করে হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।