
নিউজ প্রবাসী ডেক্স :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসৃত শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে বড় নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে জাপান। দেশটির সরকার এবার প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে, যার ফলে এখন থেকে জাপান যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিদেশে বিক্রি করতে পারবে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং মিত্রদেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের চুক্তিও হয়েছে।
তবে সরকার জানিয়েছে, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত মানা হবে। বিশেষ করে, যেসব দেশ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলবে, তাদের কাছেই এসব অস্ত্র বিক্রি করা হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে জাপানের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এলেও, চলমান যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।