নিউজ প্রবাসী ডেক্স:
সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলকভাবে বন্ধ রাখার পর ক্ষতিকর স্প্যাম শনাক্ত হওয়ায় মেরামত শেষে আবার চালু হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। রোববার দুপুর পৌনে ৩টার দিকে ওয়েবসাইটটি সচল করা হয়।
জনতা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়েবসাইট থেকে ক্ষতিকর স্প্যাম সরিয়ে প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করার পর এটি পুনরায় চালু করা হয়েছে।
এর আগে ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হয়। পরে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা সেগুলো মেরামতের কাজ শুরু করেন। ব্যাংকের অভ্যন্তরীণ চিঠিতে বলা হয়, বৈশ্বিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। পরে সেখানে সাইবার হামলার চিহ্ন ও স্প্যাম পাওয়া যায়। সেগুলো অপসারণের পর ওয়েবসাইট সচল করা হয়।
তবে জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক হওয়ার খবর নাকচ করেছে কর্তৃপক্ষ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, কিছু সংবাদমাধ্যমে মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর থেকে সরকারি দপ্তর ও ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি ছিল। এ সময় বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় বাড়তি সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়। তবে দুপুর পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল না হওয়ায় সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে স্প্যাম অপসারণ ও মেরামত শেষে ওয়েবসাইটটি চালু করা হয়।