নিউজ প্রবাসী ডেক্স :
শিল্পকারখানায় বুধবার থেকে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। এরই অংশ হিসেবে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। সরকারের জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি।
হাসান শিপুল বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল না করে সরকারকে তার মেয়াদে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করলে জনগণের জন্য আরও ভালো কিছু করার সুযোগ তৈরি হবে।
দেশের শিল্প ও ব্যবসা খাতে গ্যাস সরবরাহের ঘাটতি নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ তৈরি হয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়ছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বুধবার থেকে শিল্পখাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।