নিউজ প্রবাসী ডেক্স :
শিশু-কিশোরদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষার পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। তাদের সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন এবং প্রকৃতির মাঝে খেলাধুলার সুযোগ।
তিনি বলেন, শিশু-কিশোরদের আকাঙ্ক্ষা ও সম্ভাবনার কোনো সীমা নেই। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। খেলাধুলা ও দলগত কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস, মনোবল ও নেতৃত্বের গুণাবলি বাড়িয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন জুবাইদা রহমান। তিনি শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমির ভূমিকার কথাও তুলে ধরেন।
এর আগে তিনি ‘ব্লু স্কাই’ স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান।