নিউজ প্রবাসী ডেক্স :
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুরের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির লোকজনের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় স্রোতের টানে তিনজন পানিতে তলিয়ে যান।
তাদের উদ্ধারে নদীতে নামেন সৌরভ। পরে তিনিও স্রোতের মধ্যে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে তল্লাশি চালিয়েও চারজনের কাউকে খুঁজে পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় সন্ধ্যার পর অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে আবার তল্লাশি শুরু করবে।
শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।