নিউজ প্রবাসী ডেক্স:
বরিশাল নগরীর পেয়ারা রোডে দৈনিক সমকালের কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ দেখতে পায়।
৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি একসময় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালের দিকে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার ছিলেন। এ কারণে তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।
পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, চাকরি হারানোর পর থেকে তার স্বামী হতাশ ছিলেন। তবে এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নেবেন, তা তারা কেউ ভাবেননি।
পুলকের ভাই দীপক চ্যাটার্জিও জানান, চাকরি না থাকায় তার ভাই হতাশ ছিলেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, কার্যালয়ের একটি অতিরিক্ত চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝেমধ্যে সেখানে এসে বসতেন।
সহকর্মীদের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় পুলককে ফোনে না পেয়ে তার খোঁজ নিতে কার্যালয়ে যান সুমন চৌধুরী। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts