নিউজ প্রবাসী ডেক্স  :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবর খতিয়ে দেখছে সরকার। আবেদনটির সত্যতা, আইনগত বৈধতা এবং এ ধরনের আবেদন করার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবর তিনি শুনেছেন এবং সংবাদমাধ্যমেও দেখেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সত্যতা নিশ্চিত হতে পারেননি। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে।

তিনি বলেন, আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না, এর পেছনে আইনগত ভিত্তি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় যাচাইয়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো দণ্ডিত ব্যক্তি বিদেশে অবস্থান করলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়। আইন অনুযায়ী প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে হামলার বিষয়ে তিনি বলেন, পতিত শক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের হামলা প্রতিরোধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts