নিউজ প্রবাসী ডেস্ক:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, শেখ হাসিনা দেশে ফিরলেও আপিল করার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে আবুল কালাম আজাদের মামলার রায়ে বিষয়টি স্পষ্ট হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, বিষয়টি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভরশীল। এ নিয়ে সরকার ও চিফ প্রসিকিউটর ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।
তিনি আরও বলেন, প্রত্যর্পণের বিষয়টি কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কও জড়িত।