নিউজ প্রবাসী ডেক্স:

দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত সোনা জিততে পারলেন না বাংলাদেশের ১৫ বছর বয়সী আর্চার সাইমা সালাহ উদ্দিন। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে (স্টেজ-২) রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের ফাল্লাহ মোবিনার কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে রুপা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত ফাইনালে শুরুটা ছিল সাইমার পক্ষে। প্রথম সেটে ২৯-২৪ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটেও ২৯-২৭ ব্যবধানে জয় তুলে নেন তিনি। ফলে সোনার পদক জয়ের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।

কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকেন বাংলাদেশের এই তরুণ আর্চার। তৃতীয় সেটে ২৯-২৭ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ান মোবিনা। চতুর্থ সেটে স্নায়ুচাপের লড়াইয়ে ২৪-২১ পয়েন্টে জয় পেয়ে সমতায় ফেরেন ইরানি প্রতিযোগী। নির্ধারণী পঞ্চম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ২৯-২৮ পয়েন্টে হেরে যান সাইমা। টানা তিন সেট জিতে সোনা নিশ্চিত করেন মোবিনা।

এ নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল নয়টিতে। এর মধ্যে রয়েছে দুটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ।

পুরুষ দলগত বিভাগে সোনা

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

রিকার্ভ পুরুষ এককে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন আলিফ। অন্যদিকে, মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশের শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমার দল।

তবে রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্রোঞ্জের লড়াইয়ে কাজাখস্তানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে আলিফ-সাইমা জুটি।

কম্পাউন্ড বিভাগেও সাফল্য

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে দিনের প্রথম সোনা জেতে বাংলাদেশ। এই দলের হয়ে লড়েন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।

এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত এবং মিশ্র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি পেয়েছেন ব্রোঞ্জ।

সাইমার ফাইনালে সোনা হাতছাড়া হলেও দলগত ইভেন্টে বাংলাদেশের সাফল্য টুর্নামেন্টে দেশের পদক অর্জনের পাল্লা ভারী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts